Total Pageviews

Saturday, 11 August 2012

আসছে নয়া তথ্যপ্রযুক্তি নীতি


জেলায় জেলায় তথ্যপ্রযুক্তি শিল্প ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নতুন নীতি আনছে রাজ্য সরকার৷ ছোট ও মাঝারি সংস্থাকে সাহায্যের জন্য তৈরি করা হচ্ছে ৫০ কোটি টাকার বিশেষ তহবিল৷ অ্যানিমেশন এবং হার্ডওয়্যার শিল্পের বিকাশের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে৷ ১৭ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে এই নীতি অনুমোদিত হতে পারে৷
ক্ষমতায় আসার পরই তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশকে পাখির চোখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারণ এই শিল্পে একলপ্তে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে৷ রাজ্যের জন্য একটি সুসংহত তথ্যপ্রযুক্তি নীতি প্রণয়নের লক্ষ্যে ইনফোসিসের চেয়ারম্যান এমেরিটাস এন আর নারায়ণমূর্তিকে মেন্টর করে, শ্যাম পিত্রোদার নেতৃত্বে গঠিত হয় বিশেষ কমিটি৷ অবশেষ তাঁদের পরামর্শেই নতুন তথ্যপ্রযুক্তি নীতির খসড়া চূড়ান্ত হয়েছে৷ ১৭ তারিখ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনের জন্য পেশ করবেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ 
নতুন নীতিতে, রাজ্যের জেলাগুলিকে চাটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ 
  • এ গ্রুপে থাকছে, কলকাতা পুরসভা এলাকা
  • বি গ্রুপে, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুর
  • সি গ্রুপে, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, কোচবিহার, দুই দিনাজপুর ও জলপাইগুড়ি
  • ডি গ্রুপে থাকছে, জঙ্গলমহল ও পাহাড়৷ অর্থাত্ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দার্জিলিং৷
নতুন নীতিতে এই সি এবং ডি শ্রেণিভুক্ত জেলাগুলিতে শিল্পস্থাপন করলে, বাড়তি আর্থিক সুবিধার ব্যবস্থা থাকছে৷ ছোট ও মাঝারি সংস্থাগুলিকে শিল্পস্থাপনের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার জন্য গঠিত হচ্ছে ৫০ কোটি টাকার একটি বিশেষ তহবিল৷ জানা গিয়েছে, সি এবং ডি শ্রেণিভুক্ত জেলাগুলিতে শিল্প স্থাপন করলে, স্থায়ী সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে, এ এবং বি শ্রেণিভুক্ত জেলাগুলির থেকে অনেক বেশি ভর্তুকি পাওয়া যাবে৷
একই ভাবে, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষেত্রেও সি এবং ডি শ্রেণিভুক্ত শিল্পসংস্থাগুলি বেশি ভর্তুকি পাবে৷
যুগের চাহিদার কথা মাথায় রেখে, বিশেষ জোর দেওয়া হচ্ছে, অ্যানিমেশন এবং হার্ডওয়্যার শিল্পের বিকাশে৷ অ্যানিমেশন সংক্রান্ত কোর্স করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে ব্যাঙ্কঋণ পান তা নিশ্চিত করতে, এই কোর্সগুলিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হচ্ছে৷ সব মিলিয়ে পরিষ্কার, তথ্যপ্রযুক্তি শিল্পকে সেক্টর ফাইভ ও রাজারহাটের চৌহদ্দির বাইরে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন নীতি গ্রহণ করতে চলেছে সরকার৷
NEWS COLLECTED BY: BISWANATH BHOWMIK

No comments:

Post a Comment